কোইকা-কে আরো ৫ পৌর সেবার ডিজিটাল রূপান্তরের অনুরোধ

২৯ মার্চ, ২০২২ ১৬:২৮  
দেশের ৩২৮টি পৌরসভার নাগরিক সেবা ডিজিটাল রূাপান্তরে আর্থিক ও কারিগরি সহায়তা করছে দক্ষিণ কোরিয়া। জাতীয় পৌর ডিজিটাল সেবা প্রকল্পটি (National Municipal Digital Service Project -NMDSP) বাস্তবায়ন করছে দেশটির কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)। মঙ্গলবার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে প্রকল্প বাস্তবায়ন নিয়ে একটি পর্যালোচনা সভা হয়েছে। সভায় ইতিমধ্যে  ১টি সিটি করপোরেশন ও ৯টি পৌরসভায় পাইলটিংকৃত ৫টি সার্ভিসের সাথে হোল্ডিং ট্যাক্স এ্যাসেসমেন্ট ও পাবলিক কমপ্লেইন এ দুইটি সার্ভিসসহ মোট ৭টি সার্ভিস দেশের বিদ্যমান ৩২৮টি পৌরসভায় বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের আওতায় নতুন আরো ৫টি সার্ভিস যোগ করার জন্য আইসিটি  কোইকার প্রতি অনুরোধ জানান তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রকল্পটি বাস্তবায়নের জন্য অনুদান হিসেবে কোইকা আর্থিক সহায়তা প্রদানে সম্মত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালক ডা.বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশে নিযুক্ত কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) কান্ট্রি ডিরেক্টর. ইয়ং-আহ দোহ, প্রকল্প সংশ্লিষ্ট কোরিয়ান বিশেষজ্ঞ দলের সদস্যবৃন্দ, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিবৃন্দ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়া পরে বর্তমান সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়নে অংশ হিসেবে জাপানে অর্থায়নে স্মার্ট বাংলাদেশ ভিশন মাস্টারপ্ল্যান বাস্তবায়নের বিষয়ে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা) এর সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশে নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ ইউহো হায়াকাওয়া, আইসিটি বিভাগ ও এর অধীনস্থ সংস্থা ও জাইকার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, কারিগরি সহায়তা প্রকল্পটি দক্ষিণ কোরিয়া সরকার অনুমোদন করেছে। অনুদানকৃত অর্থের পরিমাণ ৮.৫ মিলিয়ন ইউএস ডলার। প্রকল্পটি এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় এবং আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে বাস্তবায়িত হবে। ইতিপূর্বে পাইলটিংকৃত ৫টি সার্ভিস সফলভাবে বাস্তবায়িত হওয়ায় কোইকা এই অর্থ প্রদানে এগিয়ে এসেছে।